• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে আদালতের নির্দেশ অমান্য: ভিডিও করা অন্তঃসত্ত্বাকে ‘হত্যার চেষ্টা’ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
রাজাপুরে আদালতের নির্দেশ অমান্য: ভিডিও করা অন্তঃসত্ত্বাকে ‘হত্যার চেষ্টা’ ছিনতাই
রাজাপুরে আদালতের নির্দেশ অমান্য: ভিডিও করায় অন্তঃসত্ত্বাকে ‘হত্যার চেষ্টা’, ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠির রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি থেকে জোরপূর্বক ফল পেড়ে নেওয়ার ভিডিও ধারণ করায় এক অন্তঃসত্ত্বা নারীকে টেনে-হিঁচড়ে শ্লীলতাহানি ও পেটে লাথি মেরে গর্ভস্থ সন্তানকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার (৪ মে) দুপুরে রাজাপুর সদর বাইপাস মোড় সংলগ্ন ফারুক শিকদারের বাড়িতে এই অমানবিক হামলার ঘটনা ঘটে।ভুক্তভোগী শিরিন সুলতানা (৩২) ওই এলাকার ফারুক শিকদারের মেয়ে। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা এবং সম্প্রতি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক শিকদারের একটি বিবাদমান জমিতে দীর্ঘদিন ধরে আদালতের নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) বলবৎ রয়েছে। তবে সোমবার দুপুরে প্রতিপক্ষ মাসুম বিল্লাহ ও তার ছেলে রমজানসহ একদল দুর্বৃত্ত আইন অমান্য করে ওই জমি থেকে জোরপূর্বক ফল সংগ্রহ করতে শুরু করে।
শিরিন সুলতানা এই আইন লঙ্ঘনের দৃশ্য মোবাইলে ভিডিও করতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, হামলাকারী মাসুম, রমজান ও জাবেরসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে। এসময় তাকে শ্লীলতাহানি করা হয় এবং এক পর্যায়ে তার পেটে লাথি মেরে গর্ভস্থ সন্তানকে মেরে ফেলার চেষ্টা চালানো হয়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা শিরিনের গলা থেকে একটি স্বর্ণের চেইন এবং ভিডিও ধারণকৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা ও অনাগত সন্তান উভয়েই চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনায় রাজাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।রাজাপুর থানা পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....