• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে ছাত্রলীগ নেতার তাণ্ডব! তিন ভাইকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় এজাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৬, ০০:১০ পূর্বাহ্ণ
মুলাদীতে ছাত্রলীগ নেতার তাণ্ডব! তিন ভাইকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় এজাহার
মুলাদীতে ছাত্রলীগ নেতার তাণ্ডব! তিন ভাইকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় এজাহার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল মুলাদী উপজেলার পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মুলাদী থানার সন্নিকটে পৌর ৪নং ওয়ার্ড এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ইমাম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত আলী হোসেন শিকদারের তিন ছেলে আবুল কালাম, শাহাদাত হোসেন এবং নেছার উদ্দিনের সাথে তাদের ক্রয়কৃত জমি নিয়ে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ইমামের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার সকালে ভুক্তভোগীরা ওই জমিতে ঘর মেরামত করতে গেলে অভিযুক্ত মেহেদী হাসান ইমামের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।হামলায় গুরুত্বর আহতরা হলেন, আবুল কালাম (৫০) এবং তার ওপর দুই ভাই শাহাদাত হোসেন (৪৫) ও নেছার উদ্দিন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধপূর্ণ জমিতে ঘর মেরামত নিয়ে প্রতিপক্ষদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ইমাম, তার স্ত্রী মনি বেগম, সহযোগী মালেক বেপারী, রেবা বেগম, পারুল বেগম এবং জহিরুল ইসলাম জুহুসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তিন ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। রামদা দিয়ে কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের রক্তাক্ত জখম করা হয়। এসময় হামলাকারীরা নগদ টাকা ও জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আবুল কালাম ও শাহাদাতের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি ও অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী নেছার উদ্দিন বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল এবং এর আগেও একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছিল।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,আমরা হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....