বরিশালে মায়ের ওয়ারিশি জমি মেরামতে বাধার অভিযোগ নারী নেত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত July 17, 2026, 17:16 PM
বরিশালে মায়ের ওয়ারিশি জমি মেরামতে বাধার অভিযোগ নারী নেত্রীর
বরিশালে মায়ের ওয়ারিশি জমি মেরামতে বাধার অভিযোগ নারী নেত্রীর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজার সংলগ্ন সোয়া মিল এলাকায় মায়ের ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি মেরামত করতে গিয়ে চরম হয়রানি ও বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী সাজিয়া মাহমুদ রীনা অভিযোগ করেছেন, তাঁর মামাতো বোন আফসানা আহমেদ শম্পা বহিরাগত লোকজনকে নিয়ে তাঁর সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন এবং বৈধ কাজে ক্রমাগত প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
ভুক্তভোগী সাজিয়া মাহমুদ রীনা জানান, বরিশাল নগরীর কাশিপুর বাজার এলাকায় তাঁর মা মৃত আনোয়ারা বেগমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১ দশমিক ৯ শতাংশ সম্পত্তি রয়েছে। ওই জমিতে থাকা তাঁদের একটি পুরোনো দোকানঘর সংস্কারের জন্য মাঝখানে একটি দেয়াল তুলে এবং ওপরে টিন দিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় প্রতিপক্ষ আফসানা আহমেদ শম্পা অন্যায়ভাবে কাজে বাধা প্রদান করেন।
তিনি আরও জানান, এই বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে এবং থানা প্রশাসনের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যাবতীয় বৈধ কাগজপত্র পর্যালোচনা করে থানা প্রশাসন তাঁদের পক্ষেই সিদ্ধান্ত দেয়। এ ছাড়া তাঁরা বরিশাল সদর আসনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের শরণাপন্ন হলে তিনিও জমির সমস্ত দলিল ও নথিপত্র যাচাই-বাছাই করে তাঁদের মালিকানার সত্যতা নিশ্চিত করেন এবং জমিতে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ক্ষোভ প্রকাশ করে সাজিয়া মাহমুদ রীনা বলেন, “আমাদের জমির কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও শম্পা কোনো আইন-কানুন বা নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। আমরা জমিতে কাজ করতে গেলে প্রায় সময়ই তাঁরা দলবল নিয়ে এসে বাধা দেন, আমাদের ওপর হামলার চেষ্টা চালান এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের অযথা হয়রানি করছেন। অথচ শম্পা আজ পর্যন্ত এই জমির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।”
নিজের পরিচয় তুলে ধরে পটুয়াখালী জেলার সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিয়া মাহমুদ রীনা বলেন, “আমার মা ২০১৮ সালে মারা গেছেন। এটি আমাদের সম্পূর্ণ বৈধ ওয়ারিশি সম্পত্তি। আমরা এখানে শান্তিময় পরিবেশে কাজ করতে চাই। আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং আমাদের জানমালের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ আফসানা আহমেদ শম্পা বলেন, “আমাদের জমির সীমানার ভেতরে এসে তাঁরা কাজ করছেন এবং দখলের চেষ্টা চালাচ্ছেন। আমরা এই বিষয়ে আইনের দ্বারস্থ হব।”
এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান হওয়া জরুরি, যাতে একজন নারী তাঁর বৈধ সম্পত্তিতে হয়রানিমুক্তভাবে কাজ করতে পারেন। 
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানান, জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের ঘটনায় আমরা পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।
সংবাদটি শেয়ার করুন....