
বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় যৌতুক ও পারিবারিক বিরোধের জের ধরে লামিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী পলাশ চৌধুরীর বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ জুলাই) সকাল ও রাতে দুই দফায়, নতুন বাজার এলাকার শ্বশুরবাড়িতে।
অভিযুক্ত পলাশ চৌধুরী নতুন বাজার এলাকার বাসিন্দা সাগর চৌধুরীর ছেলে। নির্যাতনের শিকার লামিয়া আক্তার বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের আলী আকবরের মেয়ে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত লামিয়া জানান, দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা অজুহাতে স্বামী পলাশ তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এ পর্যন্ত বেশ কয়েকবার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়া হলেও পলাশের দাবিকৃত টাকার চাপ কমেনি।
তিনি অভিযোগ করে আরও বলেন, “দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ ও যৌতুকের জের ধরে সোমবার সকাল ১০টা ও রাতে দু’দফায় আমাকে চরম শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এতে ক্ষান্ত না হয়ে মারধরের পর আমাকে হুমকি দেওয়া হয়, মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হবে।”
অভিযোগের বিষয়ে স্থানীয় পর্যায়ে সমাধান না হলে এবং যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে সঠিক বিচার না পেলে তিনি শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।