বরিশালে নারী নেত্রীর সম্পত্তি দখলের চেষ্টা, বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত July 17, 2026, 15:05 PM
বরিশালে নারী নেত্রীর সম্পত্তি দখলের চেষ্টা, বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ
বরিশালে নারী নেত্রীর সম্পত্তি দখলের চেষ্টা, বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের কাশিপুর বাজার সংলগ্ন সোয়া মিল নামক স্থানে মায়ের ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে দোকান ঘর মেরামত করতে গিয়ে চরম হয়রানি ও বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী সাজিয়া মাহমুদ রীনা অভিযোগ করেছেন, তার মামাতো বোন আফসানা আহমেদ শম্পা বহিরাগত লোকজন নিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন এবং বৈধ কাজে ক্রমাগত প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
ভুক্তভোগী সাজিয়া মাহমুদ রীনা জানান, বরিশাল নগরীর কাশিপুর বাজার এলাকায় তার মা মৃত আনোয়ারা বেগমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১.৯ শতাংশ সম্পত্তি রয়েছে। ওই জমিতে থাকা তাদের একটি পুরাতন দোকান ঘর সংস্কারের জন্য মাঝখানে একটি দেয়াল তুলে ও ওপরে টিন দিয়ে মেরামতের কাজ শুরু করলে প্রতিপক্ষ আফসানা আহমেদ শম্পা অন্যায়ভাবে বাধা প্রদান করেন।
তিনি আরও জানান, এই বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ও থানা প্রশাসনের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক (বসাবসি) অনুষ্ঠিত হয়েছে। যাবতীয় বৈধ কাগজপত্র পর্যালোচনা করে থানা প্রশাসন তাদের পক্ষেই সিদ্ধান্ত দেয়। এছাড়া তারা বরিশাল সদর আসনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের দ্বারস্থ হলে তিনিও জমির সমস্ত দলিল ও নথিপত্র যাচাই-বাছাই করে রীনাদের মালিকানার সত্যতা নিশ্চিত করেন এবং জমিতে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
রীনা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের জমির কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও শম্পা কোনো আইন-কানুন বা নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। আমরা জমিতে কাজ করতে গেলে প্রায় সময়ই তারা দলবল নিয়ে এসে বাধা দেয়, আমাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের অযথা হয়রানি করছে। অথচ শম্পা আজ পর্যন্ত এই জমির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।”
নিজের পরিচয় তুলে ধরে পটুয়াখালী জেলার সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিয়া মাহমুদ রীনা বলেন, আমার মা ২০১৮ সালে মারা গেছেন। এটি আমাদের সম্পূর্ণ বৈধ ওয়ারিশ সম্পত্তি। আমরা এখানে শান্তিময় পরিবেশে কাজ করতে চাই। আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং আমাদের জানমালের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত আফসানা আহমেদ শম্পা জানান, আমাদের জমির মধ্যে এসে তারা কাজ করে। দখলের চেষ্টা চালায়, আমরা আইনের দ্বারস্থ হবো।
স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান হওয়া জরুরি, যাতে একজন নারী তার বৈধ সম্পত্তিতে হয়রানিমুক্তভাবে কাজ করতে পারেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানান, দু পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। বিষয়টি পরে জানা যাবে বিস্তারিত।

 

 

সংবাদটি শেয়ার করুন....